চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ডের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত আলমডাঙ্গা শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে সার ও কীটনাশক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা চত্বরে মানুষের ব্যাপক ভিড় ছিল। প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে তাকে উদ্ধার করে ক্লিনিকে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দাফনের জন্য নিজ গ্রাম ভেদামারীতে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। অতিরিক্ত ভিড় ও তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ক্লিনিকে নেওয়ার পর স্ট্রোক করে তার মৃত্যু হয়।