জ্বালানি সংকটে ট্রাম্পের পরামর্শ: 'হরমুজে যান, তেল নিয়ে নিন'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে নতুন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করেনি এবং এখন জেট ফুয়েল সংকটে ভুগছে, তাদের উচিত আমেরিকার কাছ থেকে তেল কেনা এবং প্রয়োজনে হরমুজ প্রণালীতে গিয়ে 'নিজেরাই তেল ছাড়িয়ে নেওয়া।'  

চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। 

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর কাছ থেকে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা চেয়ে যাচ্ছে। তবে অনেক দেশ সরাসরি সামরিক অংশগ্রহণে অনাগ্রহ দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে এবং ইতোমধ্যেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।