যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের গড় প্রতি গ্যালন দাম বর্তমানে ৪ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯৩), যা ২০২২ সালের পর সবচেয়ে বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের চেয়েও এ দাম বেশি।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধি ও দেশটির অভ্যন্তরীণ সরবরাহ-চাহিদার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অপর দিকে, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পেরিয়ে গেছে চীনের দুটি কনটেইনার জাহাজ। প্রথম প্রচেষ্টায় মাঝপথে ফিরে আসার পর দ্বিতীয়বারের চেষ্টা সফল হয়। সোমবার জাহাজ দুটি একে অপরের কাছাকাছি থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে পাড়ি জমায়।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষক রেবেকা গার্ডেস জানান, দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি সফলভাবে পারস্য উপসাগর পেরিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি প্রথম কনটেইনারবাহী জাহাজ যা নিরাপদে অঞ্চলটি অতিক্রম করল।
ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখলেও ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজ সীমিতভাবে চলাচলের অনুমতি পাচ্ছে। চীনের এই দুটি বিশাল কনটেইনার জাহাজ পার হওয়ায় বেইজিং ও তেহরানের মধ্যে কূটনৈতিক সফলতার ইঙ্গিত মিলছে। বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে বন্ধু দেশের তালিকা সম্প্রসারণের দিকেই এগোচ্ছে ইরান।