মাদারীপুরের শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ব্যারেলে মোট ৫ হাজার ৬শ লিটার ডিজেল ছিল, যা পরে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ১৮ ব্যারেল এবং তার বাড়ি থেকে আরও ডিজেল উদ্ধার করা হয়। একই সময়ে তনাই মোল্লার গদি থেকে ১০ ব্যারেলসহ মোট ২৮ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত ডিজেল পরবর্তীতে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, গত প্রায় ১৫ দিন ধরে এলাকায় কৃষকরা জ্বালানি সংকটে ভুগছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করে কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।