আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানালেন নুসরাত তাবাসসুম

সংসদের নারী সদস্যদের নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল চারটায় জুলাই আন্দোলনের অন্যতম নারী যোদ্ধা এই নেত্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ প্রতিবাদ জানান।

পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নারী সাংসদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য কুষ্টিয়া-৩ এর সাংসদ আমির হামজার প্রতি নিন্দা জানিয়ে রাখলাম। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সহকর্মীদের নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না। একই সঙ্গে মাহফিলের ভাবগাম্ভীর্য নষ্ট করার দায়ও তাকে নিতে হবে।

জানা যায়, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মুফতি আমির হামজা সহকর্মীদের শারীরিক গঠন নিয়ে কৌতুক করে মন্তব্য করেন। বক্তব্যে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সমাজকল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উপস্থিতির প্রসঙ্গ টেনে শরীরের গঠন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।