নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ দিনের সাজা দেয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৯ হাজার ১০০ লিটার ডিজেল। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। বিজিবির সহায়তায় মঙ্গলবার (৩১মার্চ) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গোদনাইল এসও এলাকায় এ অভিযান চালায় জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সিফাত। তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজার।
জানা গেছে, ব্যবসায়ী প্রান্ত ও জাহিদ এসও উদয় স্মৃতি ঈদগাহ সংলগ্ন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করেন। নারায়ণগঞ্জ জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। মজুত রাখা তেলের বৈধ কোন কাগজ দেখাতে পারেনি মালিক পক্ষ। অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার ১০০ লিটার তেল জব্দ এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৬ মাসের কারাদণ্ড, ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৬ দিনের সাজা দেয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা ও মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, সিফাত নামে একজন তেল ব্যবসায়ীকে ২ মাসের কারাদণ্ড দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন মোবাইল কোর্ট। তাকে গ্রেফতার করা হয়েছে।