কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার (৩০মার্চ) রাতে শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হেলাল মিয়া ও ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, শ্রীকাইল গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৮) ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে ইয়াছিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হেলাল মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে হেলাল মিয়ার ঘরের শোকেসের ড্রয়ার থেকে ৮০পিস এবং ইয়াছিনের কাছ থেকে ১০ পিসসহ মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।