দেশের আরও ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
গতকাল মঙ্গলবার নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। জেলাগুলো হলোÑ ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর এবং ফেনী জেলা পরিষদ।
এর মধ্যে ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় জহুরুল ইসলাম পাবনা, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক এবং গাজীপুরে চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে অধ্যাপক এম এ খালেককে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।