ইউসিবিএলের সাবেক দুই পরিচালক কারাগারে

২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে দুদকের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক ২ পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই আদেশ দেয়। কারাগারে পাঠানো আসামিরা হলেনÑ ইউসিবিএলের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।

গত ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল। এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক  মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। ৫ এপ্রিল মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করে আদালত।

মামলার আসামিরা হলেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান  চৌধুরী ও  রোকসানা জামান  চৌধুরী। সাবেক পরিচালকদের মধ্যে আরও আছেন বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী এবং সাবেক  চেয়ারম্যান এমএ সবুর ও সাবেক ভারপ্রাপ্ত এমডি আরিফ কাদরী।

ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের মধ্যে আছেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ  চৌধুরী, আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন ও বজল আহমেদ বাবুল। জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের আসামিরা হলেন মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী , মোহাম্মদ মিছবাহুল আলম, আব্দুল আজিজ,  মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান , ইউছুফ  চৌধুরী ও সাইফুল ইসলাম, আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন। মামলার ৩১ আসামির মধ্যে ২ জন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সুপারিশ করেছেন।