সর্বাধিক ১৩৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও জটিলতা থেকে রেহাই পাচ্ছে না এবারের ঈদের সিনেমা ‘প্রিন্স’। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয় স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। সেখানে সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতে দুই নায়িকা নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন ‘প্রিন্স’র প্রধান চরিত্র শাকিব খান। এসেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি।
শুরুতেই ‘প্রিন্স’র বিপর্যয় নিয়ে ক্ষমা চান শাকিব খান। এরপর তিনি বলেন, ‘পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না। তার পরও ২২টি শো। এটাই প্রিন্সের প্রতি দর্শকদের ভালোবাসা।’ তারপর সিনেমাটির যান্ত্রিক ত্রুটি নিয়ে তিনি বলেন, ‘আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়ত সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি। পরবর্তী সিনেমাগুলোয় কাজের সময় ত্রুটিগুলো খেয়াল করব।’
শাকিব আরও বলেন, ‘কাজটি করতে গিয়ে শুরুতেই পারমিশন ঝামেলায় আমাদের তিন মাস চলে যায়। যার কারণে শিডিউলের বড় একটি অংশ সেখানেই ব্যাঘাত হয়। এরপর ঈদের আগের দিন পর্যন্ত শুটিং, সবকিছু মিলিয়ে সময় আমাদের পক্ষে ছিল না। তাই আমার পরবর্তী নির্মাতা ও প্রযোজকদের একটি বিষয় বলব, প্ল্যান এ-র পাশাপাশি প্ল্যান-বি রাখার জন্য। তারপরও পরিপূর্ণ সিনেমাটি না দেখাতে পেরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’