দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে উপায় নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর পৌরসভার আয়োজনে আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আসন্ন বর্ষা মৌসুমে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে আগাম প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
এ সময় যেসব এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় সেগুলো চিহ্নিতকরনসহ তা নিরসনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাসনের জন্য ড্রেন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে পৌরসভা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা দ্রুত নিষ্কাসনের সিদ্ধান্ত গৃহীত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন।