হ্যাক হওয়া ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে পুনরুদ্ধার করা হয়।

তবে হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এর আগে, ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা চেয়ারম্যানের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে এবং এর মাধ্যমে অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।