বিগ ব্যাশে অভিষেকেই মৌসুম সেরা রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেই বাজিমাত করলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে ২০২৫-২৬ মৌসুমের জন্য হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। 

দলের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন অধিনায়ক নাথান এলিস, অভিজ্ঞ ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। তবে মাঠের পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের ব্যাপক সমর্থনে শেষপর্যন্ত রিশাদকেই বেছে নিয়েছে তাসমানিয়া কর্তৃপক্ষ। 

২০২৫-২৬ মৌসুমে হোবার্টের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন রিশাদ। এর মধ্যে ১১ ইনিংসে বল করে শিকার করেছেন ১৫টি উইকেট, যা এই আসরে দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। উইকেট পিছু রান খর্চা হয়েছে তার ২০.৮৬। ইকোনমি রেট ও স্ট্রাইকরেট ছিল ৭.৮২ ও ১৬.০০। বিশেষ করে পাওয়ারপ্লের ঠিক পরবর্তী সময়ে মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরার ক্ষেত্রে রিশাদ ছিলেন অনন্য।

গত বছর বিগ ব্যাশে ডাক পেলেও বিপিএলের কারণে অনাপত্তিপত্র পাননি এই লেগ স্পিনার। তবে এবার সুযোগ পেয়েই প্রমাণ করেছেন কেন তাকে নিয়ে এত প্রত্যাশা। ক্রিকেট তাসমানিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "হারিকেন্সের বোলারদের মধ্যে এ বছর রিশাদই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তার আক্রমণাত্মক বোলিং এবং পাওয়ারপ্লের পর গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে পুরস্কারের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে।"