রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম পাশে স্বর্ণ মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্রেও চালানসহ ছয়জনকে অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ফারাবী হুসাইন মুহাম্মাদ ফারাবীর নেতৃত্বে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন ইদ্রিস আলী, রুহুল আমিন, জহিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, শাহজাহান ও রাশেদুল ইসলাম। এসময় তাদেও কাছ থেকে ৩৫টি সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ৩টি হাতুড়ি, ৫টি শক গান, ৫টি পাঞ্জা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হরুন অর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এসব অস্ত্র অবৈধভাবে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। এই অস্ত্র ব্যবহার করে দুষ্কৃতিকারীরা মতিঝিল এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
তিনি জানান, মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় আকস্মিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ডিএমপির স্পেশাল মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।