যুদ্ধে পরিবর্তিত হবে বিশ্ব মানচিত্র

কোনো দেশের মানচিত্র শুধু ভৌগোলিক রেখার সমষ্টি নয়; এটি ক্ষমতার ভাষা, প্রভাবের পরিধি এবং ইতিহাসের নীরব দলিল। পৃথিবীর মানচিত্র যতবার পরিবর্তন হয়েছে, ততবারই বদলেছে শক্তির কেন্দ্র, সভ্যতার গতি এবং মানুষের ভাগ্য। আজকের বিশ্ব আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে যুদ্ধের আগুন শুধু সীমান্ত নয়, বৈশি^ক কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকা,  সমুদ্রপথের অস্থিরতা এবং আকাশপথে ছুটে চলা ক্ষেপণাস্ত্রের শব্দে যেন নতুন এক বিশ্বমানচিত্রের রেখা অঙ্কন শুরু হয়েছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে তুমুল যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে, তা নিছক কোনো সামরিক সংঘর্ষ নয়; এটি বহুমাত্রিক শক্তির লড়াই। যেখানে প্রতিটি হামলা একটি বার্তা, প্রতিটি প্রতিরোধ একটি নতুন হিসাব। যুদ্ধের ভয়াবহতা শুধু নিহতের সংখ্যায় নয়, বরং আন্তর্জাতিক নীতিমালার অবমূল্যায়নে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবমাননায় এবং বৈশ্বিক  নৈতিকতার অবক্ষয়ে। একটি স্বাধীন রাষ্ট্রের আকাশসীমা ও ভূখণ্ডে, বহিরাগত শক্তির অভিযান শুধু একটি আক্রমণ নয় এটি বিশ্বব্যবস্থার  নৈতিক দেউলিয়াত্বের প্রতিচ্ছবি। সংঘাতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো  এটি প্রচলিত যুদ্ধের সংজ্ঞাকে বদলে দিয়েছে। এখানে যুদ্ধ কেবল নির্দিষ্ট কোনো দেশের ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নয়; এটি ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে, এমনকি অঞ্চল পেরিয়ে বৈশ্বিক অঙ্গনে।

ইরানের কৌশলগত বাস্তবতা এখন আর তার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ বা হুতি, কার্যত ইরানের সম্প্রসারিত প্রতিরক্ষা বলয় হিসেবে কাজ করছে। ফলে ইসরায়েল বা আমেরিকার জন্য যুদ্ধের ক্ষেত্র নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। তারা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং একটি বিস্তৃত জোট কাঠামোর বিরুদ্ধে লড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সরাসরি যুদ্ধে না জড়ালেও, ইরানের কাঁধে শক্ত হাত রেখে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। তারা আধুনিক অস্ত্র থেকে শুরু করে প্রযুক্তিগত সব সহায়তা দিয়ে যাচ্ছে। যে কারণে ইরান সফলতার ইতিহাস লিখে যাচ্ছে। এই জোট কাঠামোই যুদ্ধের গতি ও ফলাফলকে জটিল করে তুলেছে। আমেরিকার প্রত্যাশিত দ্রুত বিজয়ের ধারণা,  কার্যত ভেঙে পড়েছে। সময় যত গড়াচ্ছে, স্পষ্টত ততই এই যুদ্ধ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিচ্ছে। আর এই দীর্ঘ স্থায়িত্বই সবচেয়ে বড় চাপ তৈরি করছে যুদ্ধরত শক্তিগুলোর ওপর। আমেরিকার ভেতরে যুদ্ধবিরোধী কণ্ঠস্বর ক্রমেই জোরালো থেকে জোরালোতর হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বাড়ছে।

বিশ্ব অর্থনীতি এই সংঘাতের অভিঘাতে টালমাটাল। তেলের বাজারে অস্থিরতা, সরবরাহে অনিশ্চয়তা এবং পণ্য মূল্যবৃদ্ধির চাপ বিশ্বব্যাপী এক নতুন সংকটের জন্ম দিয়েছে। হরমুজ প্রণালি যা বৈশ্বিক লানি সরবরাহের অন্যতম প্রধান শিরা, এখন কেবল সম্ভাব্য ঝুঁকির কেন্দ্র নয়।  বাস্তবিক অর্থেই তা রূপ নিয়েছে, অস্থিরতার সক্রিয় অগ্নিবিন্দুতে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা হুমকি, ইতিমধ্যে প্রকট হয়ে উঠেছে। জাহাজ চলাচলে বিঘ্ন, বীমা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিকল্প রুট খোঁজার প্রবণতা সব মিলিয়ে বৈশ্বিক লানি সরবরাহ ব্যবস্থায় দৃশ্যমান চাপ  তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে লানির দাম অস্থির হয়ে উঠেছে, অনেক ক্ষেত্রে সরবরাহ বিলম্বিত হচ্ছে আর লানিনির্ভর শিল্পগুলো উৎপাদন ব্যয়ের চাপের মুখে পড়ছে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বহু দেশ যাদের লানি সরবরাহের বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল, তারা অনিশ্চয়তার এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যেই আমদানি ব্যয় বেড়ে যাওয়ার চাপ স্পষ্ট। বিশেষ করে,  লানি খাতে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। কারণ বেশি দামে লানি কিনতে হচ্ছে এবং পেমেন্ট সাইকেল দীর্ঘায়িত হচ্ছে। ফলে সামগ্রিক অর্থনীতিতে একটি বহুমাত্রিক চাপ তৈরি হয়েছে। যেখানে মুদ্রাস্ফীতি, উৎপাদন ব্যয় এবং বৈদেশিক বাণিজ্য সবই প্রভাবিত হচ্ছে। অর্থাৎ হরমুজ প্রণালির অস্থিরতা এখন আর শুধু একটি ভূরাজনৈতিক ইস্যু নয়; এটি বাস্তব অর্থনীতির গভীরে প্রভাব ফেলছে এবং ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে দৃশ্যমান টানাপড়েন সৃষ্টি করেছে।

তেল ও গ্যাস স্থাপনাগুলোর ওপর হামলা, সংকট আরও গভীর করেছে। উৎপাদন কমে গেলে বা সরবরাহ বিঘিœত হলে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করা সহজ নয়। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হবে, পরিবহন খাতে ব্যয় বাড়বে, খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব একটি ডমিনো ইফেক্টের মতো একটি খাত থেকে আরেকটি খাতে ছড়িয়ে পড়ে, পুরো অর্থনৈতিক কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় তাৎপর্য অর্থনীতিতে নয়, বরং ভূরাজনীতিতে। দীর্ঘদিন ধরে যে একমেরু বিশ্বব্যবস্থা আমেরিকার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, তা এখন স্পষ্টতই চ্যালেঞ্জের মুখে। ইরান এই সংঘাতে কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং বিকল্প শক্তি কাঠামোর প্রতিনিধি হিসেবে আবির্ভূত হয়েছে। এর সঙ্গে রাশিয়া ও চীনের কৌশলগত সমন্বয়, নতুন শক্তির অক্ষ গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এই সম্ভাব্য অক্ষ যদি বাস্তবে রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্য আর পশ্চিমা প্রভাবের একচেটিয়া ক্ষেত্র থাকবে না। 

ইরানে সম্ভাব্য স্থলাভিযানের প্রসঙ্গ এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেকের মতে, এমন কোনো অভিযান যুদ্ধের সমাপ্তি ঘটাবে না; বরং এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা এবং কৌশলগত অবস্থান এমন যে, সেখানে দীর্ঘমেয়াদি যুদ্ধ মানেই একটি অচলাবস্থা, যেখানে কোনো পক্ষই সহজে বিজয় দাবি করতে পারবে না। এই প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন সংঘাতও নতুন গুরুত্ব পাচ্ছে। রাশিয়া ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, যা ইউরোপীয় নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। আমেরিকা ও ইউরোপ এই দুই ফ্রন্টে একসঙ্গে চাপ সামলাতে গিয়ে কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়ছে। ফলে একটি বৃহত্তর বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রভাব দীর্ঘমেয়াদে সুদূরপ্রসারী হবে। বিশ্বের অন্য প্রান্তেও উত্তেজনা বাড়ছে। কিউবাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তৎপরতা, লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের চেষ্টা সব মিলিয়ে মনে হচ্ছে, বিশ্ব আবারও একটি দীর্ঘস্থায়ী প্রতিযোগিতার যুগে প্রবেশ করছে। এই প্রতিযোগিতা কেবল সামরিক নয়; এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং আদর্শিক সব ক্ষেত্রেই বিস্তৃত। পুরো পরিস্থিতির তাৎপর্যপূর্ণ দিক হলো, মানচিত্রের সম্ভাব্য পরিবর্তন। যুদ্ধের পর সীমান্ত বদলানো, ইতিহাসে নতুন কিছু নয়। বর্তমান পরিস্থিতিতে এই পরিবর্তন কেবল ভূখণ্ডের নয়; এটি মূলত আঞ্চলিক রেজিম পরিবর্তন, প্রভাবক্ষেত্রের পুনর্বিন্যাস, অর্থনৈতিক করিডরের নিয়ন্ত্রণ এবং লানি রুটের আধিপত্যকে নির্দেশ করছে।

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নতুন ক্ষমতার কাঠামো এবং নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। একইভাবে পূর্ব ইউরোপেও কেবল ভৌগোলিক সীমান্ত নয়, বরং রাজনৈতিক নিয়ন্ত্রণ ও শাসনব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে মানচিত্র বদলানো মানেই স্থিতিশীলতা আসবে, এমন ধারণা ভুল। বরং অনেক সময় এই পরিবর্তন নতুন সংঘাতের জন্ম দেয়। কারণ নতুন বাস্তবতা মানেই নতুন দাবি, নতুন অসন্তোষ এবং নতুন সংঘর্ষের সম্ভাবনা। তাই এই যুদ্ধের পর যে পৃথিবী আমরা দেখব, তা হয়তো আরও জটিল, আরও প্রতিযোগিতামূলক এবং আরও অনিশ্চিত হবে। এই বাস্তবতায় সাধারণ মানুষের অবস্থান সবচেয়ে দুর্বল। বাংলাদেশের মতো দেশের জন্য এই পরিস্থিতি গভীরভাবে প্রাসঙ্গিক। আমাদের অর্থনীতি লানি আমদানির ওপর নির্ভরশীল, আমাদের রপ্তানি বাজার বৈশি^ক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল আর আমাদের কূটনীতি নির্ভর করে শক্তির ভারসাম্যের ওপর। তাই এই পরিবর্তনশীল বিশ্বে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কীভাবে আমরা নিজেদের স্বার্থরক্ষা করব, কীভাবে আমরা কৌশলগতভাবে সঠিক অবস্থান নেব।  আমরা এমন এক সময়ের মধ্যে আছি, যেখানে ইতিহাস কেবল লেখা হচ্ছে না, পুনর্লিখন হচ্ছে। যুদ্ধের ধোঁয়া কেটে গেলে যে পৃথিবী সামনে আসবে, তা আজকের পৃথিবীর মতো থাকবে না। নতুন শক্তির উত্থান, পুরনো শক্তির পুনর্মূল্যায়ন এবং পরিবর্তিত মানচিত্র সব মিলিয়ে এক নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠবে। নতুন বিশ্বব্যবস্থা কতটা ন্যায়ভিত্তিক হবে, কতটা ভারসাম্যপূর্ণ হবে তা এখনো অনিশ্চিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র বদলাবে আর সেই পরিবর্তনের ঢেউ থেকে কোনো দেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে পারবে না।

লেখক: শিক্ষক ও কলামিস্ট

sultanmh17@gmail.com