রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুরানচর এলাকার তুষার মন্ডল (২৩), পিতা আলাল মন্ডলকে আইনের ৩৬(৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বহরপুর এলাকার স্বামী-স্ত্রী মো. রিপন মন্ডল (৩২), পিতা হানেফ মন্ডল এবং লাভলী আক্তার (৩২), পিতা আবু বক্কারকে ৩৬(৫) ও ৪২(১) ধারায় ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, এক পোটলা গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিল।
অভিযানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।