নরসিংদীর রায়পুরায় ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় এক কৃষককে আটক করার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক-এর নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর এ এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড মাছ ও মুরগির খাদ্য উৎপাদন করে আসছে। কারখানার বর্জ্য পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় আশপাশের প্রায় ২০০ বিঘা কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।
গ্রামবাসী আরও জানায়, বিষয়টি বারবার জানানো হলেও মিল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বরং প্রতিবাদ করলেই পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) স্থানীয় কৃষক শাহিন মিয়াকে (৪০) ‘মিথ্যা অভিযোগে’ আটক করে পুলিশ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শাহিনের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে এলাকাবাসী। তারা অভিযোগ করেন, ফিড মিলের দূষিত পানির কারণে ফসল নষ্ট হচ্ছে এবং অনেক জমিতে আর কোনো উৎপাদন সম্ভব হচ্ছে না। পাশাপাশি জোরপূর্বক জমি দখলের অভিযোগও করেন তারা।
খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, ডিবি ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আটক কৃষক শাহিন মিয়ার জামিনের ব্যবস্থাও করা হয়েছে।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।