অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাওন

অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পারায় মাস্টার্সে ভর্তি হতে পারছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে ঐ শিক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঐ নারী শিক্ষার্থীকে ভর্তি ফিয়ের অর্থ হাতে তুলে দেন ছাত্রদল নেতা শাওন।

জানা যায়, পারিবারিক অনটনের কারণে বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী মাস্টার্সের ভর্তি ফি জোগাড় করতে পারছিলেন না। পরে বিষয়টি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, একজন শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয় বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে।

তিনি বলেন, ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।