ময়মনসিংহের ত্রিশালে বাবার হাতে ৩ বছরের শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৯ ঘণ্টা পর ঐ শিশুর সৎ মা-সহ বাবাকে গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রাম ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঐ শিশুর নাম লাবিব (৩)। নিহত শিশু লাবিব স্থানীয় বাসিন্দা লামিয়া আক্তারের সন্তান। তার পিতার নাম সোহাগ এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, ডিসিসটের পিতা সোহাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধিক বিয়ে করেছেন এবং নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে লামিয়া তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের নানা মো. মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, বুধবার বিকাল আনুমানিক ৩টার সময় ভিকটিমের পিতা সোহাগ ভিকটিম লাবিবকে (৩) তার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভিকটিম এর নানার বাড়ি থেকে প্রায় ৮শত গজ দূরে ইলিয়াসের বাড়ির পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে জানান, স্থানীয় লোকজন ভিকটিম লাবিবের (৩) মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে। সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, সোহাগের প্রথম স্ত্রী জাকিয়ার বাড়ি গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বাকুড়া থেকে ঘটনার ৯ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টায় ঘাতক বাবা সোহাগকে (৩০) তার প্রথম স্ত্রী জাকিয়াকে আমার নেতৃত্বে গ্রেপ্তার করা হয়েছে। তার অপর স্ত্রী হত্যা হওয়া শিশুর মা লামিয়া আক্তার তার সঙ্গে সংসার করতে রাজী না হওয়ায় ও কথা না শুনায় ক্ষোভে তার সন্তানকে সে হত্যা করে বলে থানার প্রাথমিক তদন্তে জানা যায়।