ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি খাত। কৃষকদের ভিত্তি শক্তিশালী না হলে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। দেশ স্বনির্ভরতা অর্জন করতে পারবে না। কৃষকদের টিকিয়ে রাখতে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে হবে। বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন কার্যক্রম উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, তখন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও খাল খননসহ বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি নিয়েছে। নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। সরকার হেলথ কার্ড, রেশন কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধেও হুঁশিয়ারি করে সংসদ সদস্য আরো বলেন, ঢাকা-২ আসনকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অপরাধী নিজের দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। এসময় মাদক কারবারি, সেবনকারী ও চাঁদাবাজদের হুঁশিয়ারি করে দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন আমান উল্লাহ আমান।