চার মহারথি এক ফ্রেমে; 'সবাই চায় এক টুকরো'

ফুটবল প্রেমীদের জন্য এ যেন এক অবিশ্বাস্য দৃশ্য! বহু বছরের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, সঙ্গে হালের সেনসেশন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র—সবাই এক ঘরে, একই ভিডিওতে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে  ‘এভরিওয়ান ওয়ান্টস আ পিস’ (সবাই চায় একটি টুকরো) স্লোগানে নতুন অফিশিয়াল সেট বাজারে এনেছে লেগো , আর তা প্রচার করতেই একজোট হয়েছেন এই চার মহাতারকা।

প্রকাশের পরপরই কোটি কোটি ভিউ পাওয়া এই বিজ্ঞাপনটিতে দেখা যায়, চার ফুটবলার লেগো মিনিফিগার দিয়ে তৈরি করা বিশ্বকাপ ট্রফিটি বহন করার চেষ্টা করছেন। আধুনিক ফুটবলের সবচেয়ে আইকনিক চার মুখকে একই প্রজেক্টে নিয়ে আসা লেগোর জন্য একটি বড় বিপণন সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিলনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

২০২৬ বিশ্বকাপে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মাঠে যে চারজন তারকা মূল আকর্ষণে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, তাদের প্রত্যেকের জন্য আলাদা ডেডিকেটেড লেগো সেট উন্মোচন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ইটের গাঁথুনিতে তৈরি করা বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি।

ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপের ক্ষণগণনা শুরু করেছে, ঠিক তখন এই তারকাদের একই সমান্তরালে নিয়ে আসা ক্রীড়াঙ্গনে বাড়তি উন্মাদনা যোগ করেছে। বিশেষ করে মেসি ও রোনালদোকে ক্যারিয়ারের সায়াহ্নে এসেও একই বাণিজ্যিক প্রচারণায় দেখা যাওয়াটা ভক্তদের জন্য ছিল বড় সারপ্রাইজ।