পিরোজপুরে সরকারি অর্থায়নে মসজিদ ও কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নাজিরপুর উপজেলার রঘুনাথপুর খেজুরতলা আবাসন সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বরিশাল বিভাগীয় কমিশনারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় মসজিদ ও কবরস্থান নির্মাণের অর্থায়ন করা হয়েছে।
এ উদ্যোগে সহযোগিতা করেন এস এম জাকির আহম্মেদ ও জাহাঙ্গীর আলী সরদার।
স্থানীয়রা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ক্ষেত্রে দাফনের জন্য জায়গা পাওয়া যায় না। নতুন এ কবরস্থান নির্মিত হলে শুধু পিরোজপুর নয়, আশপাশের এলাকাবাসীও এর সুবিধা পাবেন।
এ সময় এলাকাবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।