বিড়ালবচন

বিড়াল শিকারি প্রাণী হলেও, কখনো শিকার। কিন্তু তাদের মধ্যে লড়াই, পলায়ন বা নিশ্চল হওয়ার তীব্র প্রবৃত্তি রয়েছে। বিড়াল যখন ভয়ের মধ্যে আটকে যায়, তখন তারা আক্ষরিক অর্থেই ভাবতে পারে যে, তারা মারা যাচ্ছে। পশুচিকিৎসক টনি বাফিংটনের মতে, ‘বিড়ালের দুটি প্রধান শিকারি হলো, বৃহত্তর মাংসাশী প্রাণী এবং প্রাইমেট।’ বিড়ালরা মানুষের কণ্ঠস্বরের ধরনে সাড়া দেয় এবং আস্তে কথা বললে তারা আশ্বস্ত হয়। আস্তে কথা বলার সময়, তাদের পছন্দের খাবার দিলে মানুষের সঙ্গে আন্তরিকতা আরও দৃঢ় হয়। বিপদে পড়লে বিড়াল গায়ের লোম ফুলিয়ে এবং পিঠ বাঁকিয়ে আকারে বড় দেখায়। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং মাঝে মাঝে উদ্ধত স্বভাবের হয়, যা অন্য প্রাণীকে বিভ্রান্ত করতে পারে। তবে তারা শিকারি হলেও নিজেরাও বড় প্রাণীর শিকার হতে পারে। তাই অনেক সময় ভয়ের মধ্যে আটকে গিয়েও তারা সাহস দেখায়। যদি কোনো বিড়াল সামান্য ভয় পায়, তবে সে তা মনে রাখতে পারে এবং অল্প সময়ের জন্য ভীতু আচরণ করতে পারে। বিড়ালের ওপর নির্যাতন বা আরও গুরুতর নেতিবাচক অভিজ্ঞতার ক্ষেত্রে, সেই স্মৃতি আরও বেশিদিন থেকে যেতে পারে। তারা মানুষের প্রকৃত ভালোবাসা পেলে, কৃতজ্ঞতার সঙ্গে তার কাছে থেকে যায়। কোনোভাবেই সে প্রভুকে একা হতে দেয় না। তার মধ্যে অভিমান প্রবল। গৃহপালিত বিড়াল সাধারণত ১৩-২০ বছর বাঁচে। সঠিক যতœ, পুষ্টিকর খাবার এবং নিরাপদ পরিবেশে অনেক বিড়াল ২০ বছরের বেশি বাঁচে।