এবারের ঈদটা গায়িকা এবং উপস্থাপক দিঠি আনোয়ারের জন্য বেশ বর্ণাঢ্য ছিল। কারণ বিটিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা এবং সরাসরি গানের অনুষ্ঠান নিয়ে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। এরইমধ্যে বিটিভির জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘গীতিবিচিত্রা’য় নতুন একটি গান গাইলেন দিঠি। ‘রবি ঠাকুর’ শিরোনামের গানটি দিঠির বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা। দুদিন আগেই বিটিভির একটি স্টুডিওতে ‘গীতিবিচিত্রা’ অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দিঠি বলেন, ‘গীতিবিচিত্রা অনুষ্ঠানে এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান। শিগগিরই গানটি বিটিভিতে প্রচার হবে। আর আমার নানান ব্যস্ততার ফাঁকে ফাঁকে চেষ্টা করি দল বেঁধে সিনেমা দেখতে। এরইমধ্যে কয়েকটি সিনেমা দেখেছি, আগামী কয়েক দিনের মধ্যে বলা যায় ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমাই দেখব। সত্যি বলতে একটা সময় ছিল যখন ঈদে আব্বুর সিনেমা মুক্তি পেত, আমরা সবাই দল বেঁধেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। সেই অভ্যাস এখনো রয়ে গেছে। এবারও ইচ্ছে তার ব্যতিক্রম হবে না।’