ঈদের ছুটিকে ঘিরে ব্যস্ত নগরজীবন ছেড়ে গ্রামের বাড়ির শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়ক নিরব হোসেইন। ছুটি শেষে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে ‘শিরোনাম’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে, আর সে জন্য এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামের সহজ-সরল জীবন, খোলা মাঠ, কাঁচা রাস্তা আর মানুষজনের আন্তরিকতায় কাটানো সেই সময়ের কিছু মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে একেবারে ভিন্ন এক নিরবকে-নির্ভার, স্বাভাবিক এবং মাটির কাছাকাছি। গ্রামের সেই দিনগুলো নিয়ে নিরব বলেন, রাজবাড়ীতে আমাদের গ্রামে কাটানো সময় নতুন করে কাজের অনুপ্রেরণা জুগিয়েছে। প্রকৃতির মাঝে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ হয়েছে বলেও মনে করি। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে গিয়ে এই বিরতিটা আমার জন্য ছিল বেশ প্রয়োজনীয়।