আইনি বিপাকে টেইলর

আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের জেরে গায়িকার বিরুদ্ধে জেনেশুনে প্রায় একই রকম শিরোনাম ব্যবহার করার অভিযোগ তুলে সুইফটের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে লেখক-গায়িকা ম্যারেন ওয়েড মামলা করেছেন। যেখানে তিনি ইউএমজি রেকর্ডিংস ও সুইফটের বিরুদ্ধে ট্রেডমার্ক লঙ্ঘন ও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ এনেছেন। তার ভাষ্য, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামটি গত এক যুগ ধরে গড়ে তোলা ‘কনফেশনস অব আ শোগার্ল’ ব্র্যান্ডকে ‘বিলীন’ করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। ফলে সুইফট যেন অ্যালবামটির বর্তমান নাম ব্যবহার করা থেকে বিরত থাকেন আদালতের কাছে এই আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে হারানো মুনাফা, আইনজীবীর ফি ও অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণের আবেদন করেছেন ওয়েড। এক বিবৃতিতে বাদীপক্ষের আইনজীবী জেমি পার্কিনেন বলেন, ‘একজন একক শিল্পী ১২ বছর ধরে একটি ব্র্যান্ডকে গড়ে তুলেছেন, সেখানে তার চেয়ে বড় কেউ এসে সেটি নাই করে দেবেনএমনটা হতে দেওয়া উচিত নয়।’