'সামনে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে', -হামজা

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হার দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করায় যেমনটা চেয়েছিলেন, তেমনটা হয়নি। কিন্তু মাঠের লড়াই শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তুরুপের তাস হামজা চৌধুরী শুনিয়েছেন আশার বাণী। গত এক বছরে দলের আমূল পরিবর্তন এবং উন্নতির গ্রাফ তাকে নতুন স্বপ্ন দেখাচ্ছে।

‎মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর দলের সাথে দেশে না ফিরে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন হামজা। চাঙ্গি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই হারটি ছিল একটি ‘হার্ড লেসন’ বা কঠিন শিক্ষা। তিনি মনে করেন, এ ধরনের ম্যাচ থেকেই দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
‎হামজার ভাষায়, "অবশ্যই আমরা কোয়ালিফাই করতে চেয়েছিলাম, কিন্তু এই কঠিন শিক্ষাগুলো সবাইকে আরও শক্তিশালী করে তুলবে। এখন হতাশা থাকলেও, যখন আমরা পেছন ফিরে আমাদের ম্যাচগুলোর দিকে তাকাব, তখন বুঝতে পারব দল হিসেবে আমরা কতটা উন্নত হয়েছি।”


‎ম্যাচ পরবর্তী সময়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন হামজা। সেখানে তিনি লেখেন: "আমরা যেভাবে গ্রুপ পর্ব শেষ করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি! কিন্তু গত এক বছরে আমরা যতটুকু পথ পাড়ি দিয়েছি, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। ইনশাআল্লাহ, সামনে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বরাবরের মতোই সমর্থকদের সমর্থন ছিল অবিশ্বাস্য।”

‎কাল্লাংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। সিঙ্গাপুরের ঘরের মাঠেও গ্যালারিতে লাল-সবুজের আধিপত্য দেখে মুগ্ধ হামজা বলেন, “আমার মনে হয় তারা বিশ্বের সেরা সমর্থক। তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমাদের এভাবে সমর্থন দিতে আসা—এমনকি যখন আমরা কোয়ালিফাই করতে পারিনি তখনও—তা অতুলনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

‎আগামী সেপ্টেম্বরে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচের উইন্ডো খোলার আগে গ্রীষ্মকালীন কিছু প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

হামজা মনে করেন বাংলাদেশ এবার শিরোপার দাবিদার:

​"সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আছে এবং আমরা জেতার লক্ষ্য নিয়েই নামব। ইনশাআল্লাহ, ২০২৭ এশিয়ান কাপে আমরা অবশ্যই কোয়ালিফাই করব।"