আচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মাকে তিরস্কার, কাটা গেল ম্যাচ ফি

ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েও মাঠের আচরণে দাগ লাগালেন অভিষেক শর্মা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলার মাঝেই আইপিএল কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লেভেল-১ পর্যায়ের অপরাধের জন্য তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

ম্যাচ রেফারির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিষেক শর্মা আইপিএল আচরণবিধির ধারা ২.৩ লঙ্ঘন করেছেন, যা মূলত খেলার মাঠে অসংলগ্ন বা অশ্লীল শব্দ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। যদিও নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি, তবে অভিষেক নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ফলে রেফারির দেওয়া এই শাস্তিই চূড়ান্ত হিসেবে গণ্য হচ্ছে। ভবিষ্যতে এমন আচরণ পুনরায় করলে তাকে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

আইপিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, 'সানরাইজার্স হায়দ্রাবাদের অল-রাউন্ডার অভিষেক শর্মাকে বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার দলের ম্যাচে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। তিনি ধারা ২.৩-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারিদের শাস্তি দেওয়া হয়।'

শাস্তি পেলেও মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অভিষেক। ট্রাভিস হেডের (৪৬) সঙ্গে মাত্র ৩৪ বলে ৮২ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি গড়েন তিনি। অভিষেক নিজে ২১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৮ রান করেন। পরবর্তীতে হেনরিখ ক্লাসেনের ৫২ এবং নীতিশ কুমার রেড্ডির ৩৯ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২২৬ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। জবাবে ১৬১ রানেই গুটিয়ে যায় কলকাতা। ৬৫ রানের বড় জয় পায় অরেঞ্জ আর্মি।