জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামের এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আব্দুল্লাহ আক্কেলপুর পৌরশহরের একটি কওমি মাদরাসার হাফেজ শাখার ছাত্র ছিল। সে ঠেঙ্গাপুর মহল্লার ফারুক আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে মাদরাসা ছুটি হয়। বাসা কাছাকাছি হওয়ায় আব্দুল্লাহ বাসায় চলে যায়। পরে সকাল ১০টার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদরাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় একঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।