ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ৩৫তম দিনে গতরাতজুড়ে পুরো মধ্যপ্রাচ্যে সাইরেনের শব্দ আর বিস্ফোরণ শোনা গেছে।
ইরানি ড্রোন হামলায় কুয়েতের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জরুরি সেবা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া একটি বিদ্যুৎ কেন্দ্র এবং লবণাক্ত পানি শোধনাগারেও (ডেসালিনেশন প্ল্যান্ট) হামলা চালানো হয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে একটি 'নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা' চালিয়েছে। এই অভিযানে হেজবুল্লাহর ১৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের।
এ ছাড়া বৈরুতের দক্ষিণে একাধিক শহরের বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করেছে ইসরায়েল।
আইডিএফ জানিয়েছে, গতরাতে ইরান থেকে ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একঝাঁক 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে।
এদিকে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদিও ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তারা বেশ কিছু ড্রোন আকাশেই ধ্বংস করেছে। অন্যদিকে বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজার পর দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।