বনলতা এক্সপ্রেস নয়, মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী দেখেছেন ‌‘প্রজেক্ট হেইল মেরি’

দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে কিছুটা অবসরে কাটাতে মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে সাথে নিয়ে রাজধানীর ধানমন্ডির 'সীমান্ত সম্ভার' সিনেমা হলে যান। সেখানে তারা হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি' (Project Hail Mary) উপভোগ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার ছুটির দিনের বিনোদন হিসেবে প্রধানমন্ত্রী এই সিনেমাটি দেখার সিদ্ধান্ত নেন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার উদ্দেশ্যে রওনা হন। 

সিনেমাটির প্রদর্শনী শুরু হয় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে। প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় সায়েন্স ফিকশন উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি এ বছর (২০২৬) ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে। মহাকাশ ও বিজ্ঞানভিত্তিক এই গল্পটি বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে মহাকাশ অভিযানে এক বিজ্ঞানীর টিকে থাকার লড়াই এবং মানবসভ্যতা রক্ষার রোমাঞ্চকর প্রেক্ষাপট মুভিটিকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে রেখেছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, মূলত ছুটির দিনে ব্যক্তিগত অবসরের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে যান। সাধারণ দর্শকদের মতোই তিনি হলে বসে সিনেমাটি উপভোগ করেন।