ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, দেড়শ আহত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে শুরু হওয়া এ সংঘর্ষ অনেক রাতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বন্ধ হলেও শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পুনরায় সংঘর্ষে জড়ায় চার গ্রামের হাজার হাজার মানুষ।

সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, গ্রামবাসীসহ কমপক্ষে ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ জানায়, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা গ্রাম, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করেন। এই ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যার পর টানা আড়াই ঘণ্টা মুনসুরাবাদ বাজারে সংঘর্ষ হয়। রাত হয়ে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ বন্ধ হলেও আজ শনিবার সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ান ৪ গ্রামের মানুষ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আলামিন মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।