সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ চান ব্যবসায়ীরা

সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলার সময় পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকান খোলা যেতে পারে। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।

এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।  

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতারা বলেন, বিদ্যমান সময়সূচি ব্যবসা পরিচালনায় নানান ধরনের বাস্তব সমস্যার সৃষ্টি করছে। তাই ঢাকাসহ সারাদেশের দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলার সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি।

এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।