গাইবান্ধার সাঘাটায় সুজন মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
এর আগে সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি চর গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের গোলজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায়, নিহত সুজন মিয়ার পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুইজনের পরিবারও জানত। সম্প্রতি সুজন মিয়া তার পছন্দের মেয়েকে বিয়ে করার কথা জানান তার পরিবারকে। কিন্তু সেই বিয়েতে তার পরিবার সম্মতি দেয়নি। সুজন মিয়াকে তার পরিবার গতকাল নানাভাবে বুঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে তিনি রাতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি মাহবুব আলম আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।