নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনএসইউ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি স্কুলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ১০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
স্কুল চারটি হলো: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স।
পরীক্ষার হল পরিদর্শন শেষে সমবেত অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউতে আমরা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে র্যাঙ্কিংয়ে এনএসইউ’র বেশ কিছু সাফল্য এসেছে। আপনারাও আমাদের উপর আস্থা রেখেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, এনএসইউ’র সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখবে।”
এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এবার এনএসইউতে ভর্তি পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। এনএসইউ পরিবারের সকলের প্রচেষ্টায় আমরা গুনগত মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অফিসের পরিচালক অধ্যাপক নুরুল কবির বলেন, “সামার ২০২৬ সেমিস্টারের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।”
এসময় এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ’র রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, এনএসইউ’র প্রক্টর অধ্যাপক আবদুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।