রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ শিশু। হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই তিন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। চলতি মৌসুমে হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন শিশু।
হাসপাতাল সূত্রে জানাগেছে, সবশেষ মৃত তিন শিশুর মদ্যে ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোরের। তিন জনের মধ্যে দুজনের বয়স ৬ মাস আর একজনের বয়স ৭ মাস।
এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডগুলোতে হাম আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এখানকার হামের চিকিৎসার জন্য খোলা বিশেষায়িত ওয়ার্ডের বেড সংখ্যা বেশ কয়েকদিন আগেই পূর্ণ হয়ে গেছে। এখানে বেশ কিছু বেডেই দুজন করে রোগী রেখে চিৎিসা দেওয়া হচ্ছে। এখন যেসব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের ওয়ার্ডের ভেতরেই এক কর্নারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. শংকর বিশ্বাস জানান, রোগীর প্রচুর চাপের কারণে হামের রোগীদেরও দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। রোগী সংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে একটি শিশু ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড হিসেবে ঘেঅষণা করা হতে পারে।