সংস্কৃতিমন্ত্রী

নববর্ষের শোভাযাত্রা এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে

নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ এবার নতুন নামে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মাণের লক্ষ্যে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোন দলের নয়, সকলের। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনটাই হবে না, এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা।

জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. মোল্লা আজাদ হোসেন।