‘আমি সবসময় পড়ালেখায় ভালো ফল করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনো প্রথম হতে পারিনি। সবসময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। সবসময়ই মনে হতো, কোথাও না কোথাও প্রথম হতে চাই। আজ সত্যিই আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি। তবে আমার পা কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দর্শকের ভালোবাসায় এই জায়গায় এসেছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’ লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুক্রবার সন্ধ্যায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং সাবেক লাক্স তারকা বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
এই ট্রফিটা কেবল পুরস্কার নয়, আরও বড় কিছু উল্লেখ করে বর্ণিতা জানান, ‘এই ট্রফিটি শুধু একটি পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব। সবার ভালোবাসা আর সমর্থনেই আমি এখানে এসেছি। সেই ভালোবাসার মর্যাদা রাখতে চাই, সামনে আরও দূর যেতে চাই।’ ট্রফি ও বিলাসবহুল গাড়ির পাশাপাশি বর্ণিতা পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ। এছাড়া শিহাব শাহীনের ওয়েব কনটেন্টও কাজ করবেন তিনি।
নিজের ফেসবুক পেজে বর্ণিতা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে. গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে ঘুমিয়ে আছেন তিনি। তার বুকের কাছে পরম মমতায় জড়িয়ে ধরা লাক্স সুপারস্টারের সেই কাক্সিক্ষত ট্রফিটি। সেখানে এই নতুন তারকা লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’
এর মাধ্যমে দীর্ঘ সাত বছর স্থগিত থাকার পর নতুন করে শুরু হলো লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। প্রতিযোগিতার শুরু থেকেই অংশগ্রহণকারীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত বর্তমান সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম রানারআপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল পেয়েছেন ৫ লাখ টাকার চেক এবং দ্বিতীয় রানারআপ আমিনা পান ৩ লাখ টাকা।