বিশ্ব মঞ্চে রাশমিকা

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার ক্যারিয়ারে আরেক পালক। এবার এই অভিনেত্রী পা রাখছেন আন্তর্জাতিক মঞ্চে; তাও আবার সিনেমা নয় ‘অ্যানিমে’র জগতে। ২৩ মে জাপানের টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেল শিন তাকানাওয়ায় অনুষ্ঠিতব্য অ্যানিমে অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। দশম বর্ষপূর্তি উপলক্ষে এবারের অনুষ্ঠান হবে আরও বর্ণময়। বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের এক ছাদের নিচে নিয়ে আসছে এই মঞ্চ। যেখানে রাশমিকার সঙ্গে থাকছেন জাপানি, হলিউড এবং আন্তর্জাতিক বিনোদন জগতের একঝাঁক পরিচিত মুখ।

জানা গেছে, প্রি-শো শুরু হবে বিকেল ৫টা (জাপান সময়), আর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন স্যালি আমাকি এবং জন কাবিরা। উদ্বোধনী বক্তব্য রাখবেন সনি গ্রুপের সিইও হিরোকি তোতোকি। রাশমিকার এই অংশগ্রহণ শুধু তার তারকাখ্যাতিরই প্রমাণ নয়, বরং ভারতীয় বিনোদন জগতের বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান প্রভাবেরও প্রতিফলন। ক্রাঞ্চিরোল তাকে ‘ইন্ডিয়ার সুইটহার্ট’ বলে উল্লেখ করেছে, যা তার জনপ্রিয়তার আরেকটি স্বীকৃতি।

সব মিলিয়ে, ২০২৬ সালের এই অ্যানিমে অ্যাওয়ার্ডস হতে চলেছে এক অনন্য গ্লোবাল উৎসব।