মুখ্য চরিত্রে দীঘি

রোজার ঈদে না পারলেও আসন্ন ঈদুল আজহায় ‘বিদায়’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরছেন শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। খুব দ্রুত সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ হবে বলে জানান এই অভিনেত্রী। দীঘি বলেন, ‘ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজ এখনো শেষ হয়নি। শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে ছবিটি তৈরি হচ্ছেজ্বা এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না।’

জানা গেছে, ‘বিদায়’-এ প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে দীঘি বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

ছবির প্রযোজক বলেন, ‘এই সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।’