নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সৌদি আরব থেকে দেশে ফেরার পর মো. সুমন (২৮) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর বাবা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, মো. সুমন দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সুমনের বাবা মো. রওশন আলী গত ১ এপ্রিল আড়াইহাজার থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলের সঙ্গে পরিবারের সরাসরি যোগাযোগ ছিল না। পরে গত ২৮ মার্চ রাতে সৌদি প্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরে এসেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
জিডিতে সুমনের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে দেশে ফিরে সুমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত তাঁর সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
এ বিষয়ে আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।