ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে রুখে দাঁড়ানোর ডাক আইএইএ-র সাবেক প্রধানের

ইরানকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল-বারাদেই। ট্রাম্পের গৃহীত পদক্ষেপকে ‘উন্মাদনা’ আখ্যা দিয়ে তিনি এই পরিস্থিতি রুখে দেওয়ার অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আরবি ভাষায় দেওয়া এক পোস্টে পারস্য উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে এল-বারাদেই লেখেন, ‘দয়া করে, আবারও বলছি—এই ‘উন্মাদ’ ব্যক্তিটি পুরো অঞ্চলকে আগুনের গোল্লায় পরিণত করার আগেই আপনাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা করুন।’

পৃথক এক ইংরেজি পোস্টে সরাসরি জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, ‌‘এই উন্মাদনা থামানোর জন্য কি কিছুই করার নেই?’

আইএইএ-এর এই সাবেক প্রধান এর আগেও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সংঘাতমূলক অবস্থানকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে এর ‘ভয়াবহ চড়া মূল্য’ সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের ‘আসন্ন হুমকির’ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ‘শূন্য প্রমাণ’ উপস্থাপন করেছে।

উল্লেখ্য, মোহাম্মদ এল-বারাদেই ২০০৩ সালে ইরাক আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেওয়া যুক্তিগুলোর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের কঠোর আলটিমেটাম মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করায় তিনি আবারও বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করলেন।

সূত্র: আল-জাজিরা