সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তার বিষয়ে নিশ্চিত করেন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রংপুর থেকে গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের বাসিন্দা।
ওসি সাইফুল ইসলাম জানান, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এ মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন খবর পেয়ে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় রবিউল ইসলাম নামে এক সিএনজিচালক কারাগারে রয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০ মার্চ ঈদের আগের রাত পৌনে ৮টার দিকে বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলাম ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ২১ মার্চ ঈদেরদিন সকাল ১১টার দিকে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে চিনাধুকুরিয়া গ্রামের ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সোহেল রানার মা রুবি খাতুন বাদী হয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।