মার্কিন যুক্তরাষ্ট্রে আটক সোলেইমানির পরিবারের দুই সদস্য

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পসের প্রাক্তন কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও তার মেয়েকে আটক করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ের যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী আবাস (গ্রিন কার্ড) রদ করা হয়েছে। তবে সোলেইমানির মেয়ে এই দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, আটক ব্যক্তিদের তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 

কাসেম সোলেইমানি, যিনি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক কমান্ডার ছিলেন, ২০২০ সালে ইরাকের একটি মার্কিন বিমান হামলায় নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ে আইসিই-এর (ইমিগ্রেশন ও কাস্টমস ইনফোর্সমেন্ট) কাছে আটক রয়েছে এবং তাদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেছেন, দুই নারীই গ্রিন কার্ডধারী এবং যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপন করছিলেন।

হামিদেহ সোলেইমানি আফশার ২০১৫ সালে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, ২০১৯ সালে আবেদন গ্রহণ হয় এবং ২০২১ সালে গ্রিন কার্ড পান। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ২০২৫ সালে নাগরিকত্বের জন্য আবেদন করার সময় তিনি প্রকাশ করেছিলেন যে, গ্রিন কার্ড পাওয়ার পর থেকে তিনি চারবার ইরান সফর করেছেন। হোমল্যান্ড সিকিউরিটির দাবি ইরানের এই সফরগুলো প্রমাণ করে তাদের রাজনৈতিক আশ্রয়ের দাবি মিথ্যা ছিল।

তার মেয়ে সারিনাসাদাত হোসেইনি ২০১৫ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন, ২০১৯ সালে আবেদন গৃহীত হয় এবং ২০২৩ সালে গ্রিন কার্ড পান। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামিদেহ সোলেইমানি আফশার ইরানের একনায়কতন্ত্র ও সন্ত্রাসপন্থী শাসনব্যবস্থার প্রকাশ্য সমর্থক ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় ইরানি শাসনের প্রচার করেছেন। তার স্বামীকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।