দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের বিচারসংস্থা জানিয়েছে, জানুয়ারিতে চলা বিক্ষোভের সময় একটি সামরিক স্থাপনা আক্রমণ এবং অস্ত্রাগার দখলের চেষ্টা করার অভিযোগে মোহাম্মদআমিন বিগলারি ও শাহিন বাহেদপারাস্ত নামের দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দুই ব্যক্তি একই মামলায় মৃত্যুদণ্ডের মুখোমুখি চারজনের মধ্যে ছিলেন, জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রবিবার (৫ এপ্রিল) মিজান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট এই দুই অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বহাল রেখেছে। তারা 'দাঙ্গাবাজদের' মধ্যে ছিলেন, যারা অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুরি করে গণহত্যা ঘটানোর চেষ্টা করেছিল।

গত সপ্তাহে একই মামলায় অন্তর্ভুক্ত ১৮ বছর বয়সী আমিরহোসেইন হাতামিকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ওই বিক্ষোভে ইরানি সরকার দেশে বৃহত্তম দমন অভিযান চালিয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আরও ১১ জন পুরুষ বিক্ষোভে অংশগ্রহণের কারণে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তারা হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও অন্যনিপীড়নের শিকার হয়েছেন এবং জোরপূর্বক স্বীকারোক্তির ওপর নির্ভর করে একপাক্ষিক ও অন্যায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।