ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৩ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৫৫ শিশু, আর ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি রোগীদের বয়স ৩ মাস থেকে ১০ বছর পর্যন্ত। তবে সবচেয়ে বেশি ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশু ভর্তি হচ্ছে। সব রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মমেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মার্চের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। আমরা তিনটি মেডিকেল টিম গঠন করেছি, যারা হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।