ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল লাইনের পাশ থেকে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।