শাপলা চত্বর হত্যাকাণ্ড

৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

একযুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আসামিদের তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশনকে আরও দুই মাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে।

প্রসিকিউশনপক্ষে সময়ের আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক আদেশে প্রতিবেদন দিতে ৫ এপ্রিল দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন।

গত বছরের ১২ মার্চ এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।