কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসে আই) আব্দুল হামিদ জানান, পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।