তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে রবিবার(৫এপ্রিল) দুপুরে মিলগেট চত্তরে এ উপলক্ষে এক সভাার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারন সম্পাদক রুহুল আমিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ জাকিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক শাহাজাহান আলীসহ কেবিনেট সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের ৩ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা। তিনদাফা দাবি জানিয়ে তারা বলেন, দক্ষ জনবল তৈরীর স্বার্থে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় করতে হবে, পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনের শ্রমিকদেরও অবিলম্ববে বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা দিতে হবে এবং অবিলম্বে সাশ্রয় নীতি ২০১৬ আদেশ প্রত্যাহার করে পূর্বের ন্যায় ২০০২ সালের সেট আপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দেয়ার দাবি জানানো হয়।